ভাবোনি কখনও?

তুমি তোমার হবু বরের সাথে কথা বলা শুরু করার পর এই পাঁচ মাসে তাকে নিয়ে একান্তে শুয়ে শুয়ে যতটা গভীরভাবে চিন্তা করেছ, নিজেকে খুঁজেছ, আমাকে নিয়ে দুই বছরেও এতটা তো হয়তো কোনোওদিন ভাবোনি। কখনো ভাবনা আসেনি তোমার একান্তে, অন্তত বিয়ের আগে এই কদিনেও, একটা মানুষ আমাকে তার মনে কতটা চারন করল, কী অসীম ভালোবাসা, গুরুত্ব আর সম্মান দিয়ে গেল? কখনো ভাবোনি, একটা মানুষ তার সাথে আমার সম্পর্কটা কতটা যত্ন দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করেছিল? কখনো কি মনে হয়নি, তার সাথে যতটা স্বতঃস্ফূর্ত আর মাধুর্য মিশিয়ে কথা বলেছি, আর কখনো হয়তো আর কারো সাথে এমনভাবে হবে না? রাতে ঘুম আসার আগে চোখ বন্ধ করে কোনোওদিন চিন্তা করোনি, সে আমাকে ভবিষ্যৎ উপহার দিতে না পারলেও, যেভাবে আমাকে তার করে নিয়েছিল, যেভাবে তার হৃদয়ের সবটুকু মিশিয়ে ভালোবেসেছিল, তাতে জীবনের যে কোনো পরিস্থিতিতেই তাকে ছেড়ে যাওয়া খুব খুব কষ্টের? একবারও ভাবোনি, গান-কথা-গল্প-আবেগ-অভিমান মেশানো এই সম্পর্কটা কতটা রোম্যান্টিক ছিল, কতটা আদরের ছিলাম আমি তার? এখনও মনে হয় না, জীবনে বেঁচে থাকা মানে সংসার পেরিয়েও এমন একটা সম্পর্কের অনুরনন হৃদয়ে বাঁধিয়ে রেখে বেঁচে থাকা?

হয়তো সবই আমার একান্ত অনুভূতির কথা এগুলো। অনুভূতি কখনো জাগিয়ে তোলা যায় না। একদিন কোনও এক রাতে আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে একবার একান্তে আমার কথা ভেবো, কিছুই কি পাবে না? আমি তো আজও অনুক্ষন তোমাকে নিয়ে গভীরতম সমুদ্রে ডুব দিই।

তুমি খুব সুখী হও, তবু কোনো একদিন তুমি আমার স্মৃতি নিয়ে তোমার চোখ থেকে নিভৃতে অশ্রুমোচন করবে, যদি আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি, আর তুমি আমাকে একটুও ভালোবেসে থাকো।

কখনো কি আমার কথাগুলো খুব সন্তপর্নে পড়েছ আজও? একটু পড়বে, আমাকে কোনোদিন অনুভবে পেতে পারোনি, আজও কি পাওনা, একটুও?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *