এমন করেও ফিরে যাওয়া যায়

আমি চলে গেলাম তোমার কাছ থেকে,

অসময়ের অশান্ত প্রবাহের সঙ্গে সংঘর্ষে হঠাৎ জ্বলে ছাই হয়ে যাওয়া উল্কাপিন্ডের মতো,

তোমার নিদারুন যন্ত্রনার ঝড়ে উড়ে যাওয়া টিনের চালের মতো,

পারিপার্শ্বিক প্রত্যাশার কম্পনে হঠাৎ ধ্বসে পড়া অট্টালিকার মতো,

ধুয়ে যাবে জেনেও, সহসা উত্তাল ঢেউয়ে বেলাভূমিতে আঁকা ছবির মুছে যাওয়ার মতো।

অথচ আমি ভেবেছিলাম, আমি চলে যাবো –

বসন্তের মাসে একটু একটু করে বেড়ে চলা গ্রীষ্মের মতো,

শীতের প্রাক্কালে নীরবে ঝরে পড়া পর্নমোচির পাতার মতো,

শরতের ভোরে টুপটুপ করে ঝরে পড়া শিউলি ফুলের মতো,

অবিশ্রান্ত ধারার পর ভেসে যাওয়া বর্ষা শেষের পেঁজাতুলোর মেঘের মতো,

নিরুপায়, অসহায় নারীর কানে সানাইয়ের সুরের সাথে ধীরে ধীরে মিলিয়ে যাওয়া পাগল প্রেমিকের কন্ঠস্বরের মতো,

প্রাচুর্যের মাঝেও অতীতের মধুর স্মৃতিচারনায় হারিয়ে যাওয়া দিনের অভাব অনুভবের মতো।।

কখনো তোমার জীবনে আর এমন অন্ধকার না নেমে আসুক,

কখনো কাউকে যেন আমার মতো এমন করে চলে যেতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *