সব হারিয়েও ভালোবেসে যাবো তোমায়…

কী অদ্ভুত এক ভালোবাসা আমাদের। কেউ কাউকে কাছে পাইনা, তাও মনে হয় অনেক কাছে আছি দুজনের। প্রতিদিন কী ভীষন হারানোর ভয় তোমায়!

এত ভালোবাসি, তাও শুনতে হয় আজ তোমায় কেউ দেখতে এসেছিল। যদি বিয়ে ঠিক হয়ে যায়, সেই মানুষটাকে সময় দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার কাছে এক সুন্দর ভালোবাসার প্রত্যাশা থাকবে তোমার। সময়ের খেলাতেই, ধীরে ধীরে তোমার মন একটু একটু করে দিতে হবে তাকে। কারন একটা স্বাভাবিক সম্পর্ক পাবে তুমি, তাকে মূল্য দিতেই হবে। আর একটু একটু করে তোমার ঐ রত্নখচিত হৃদয় থেকে হারিয়ে যাবো আমি। আমার প্রতি তোমার সব ভালোবাসা যত্ন করে রক্তাক্ত খামে মুড়ে ভাসিয়ে দিতে হবে নিয়ম-দীঘির জলে।

যত ব্যথা এসে বুক চেপে ধরুক, তোমার এক সুস্থির, শান্তির জীবন অবশ্য প্রয়োজন। দুজন দুজনকে বলব- “কথা দাও, ভালো থাকবে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকব”। কী যন্ত্রনা ভরা শুভেচ্ছা, তাই না?

যে আমার হৃদয় উজাড় করে উন্মাদের মতো ভালোবাসা, তাকে ছেড়ে কীভাবে ভালো থাকা যায়? তার কি কোনো প্রেসক্রিপশন হয়! তাই কি বিধাতা অঙ্ক কষে দূরে নিয়ে গেলেন দুজনকে দুজনের কাছ থেকে? প্রস্তুত করতে ভবিষ্যতের জন্য? যত দূরে যাচ্ছি তত জড়িয়ে পড়ছি তোমার ভালোবাসা আর মায়ার সুনিবিড় বাঁধনে।

সব হারিয়ে যাবে একদিন, নেই কোনো প্রত্যাশার হাতছানি, তাও কেন এত ভালোবাসা! এ কেমন ভালোবাসা!

সব জেনেও একবুক শ্বাস নিয়ে বলে যাই – I LOVE YOU FOREVER, আমি ভালোবেসে যাবো তোমায় চিরদিনের জন্য। ❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *